প্রশ্নোত্তর জাল ও নকল ব্র্যান্ডেড পণ্য কেনা, বিক্রি এবং ব্যবহার করার বিধান

Joined
Aug 6, 2024
Threads
93
Comments
103
Solutions
1
Reactions
1,387
প্রশ্ন:
হে আমাদের শায়খ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জনৈক প্রশ্নকারী জানতে চেয়েছেন: ঘড়ি ও পোশাকের মতো যেসব নকল পণ্যে মূল কোম্পানির নাম লেখা থাকে, সেগুলোর কেনাবেচার বিধান কী? আর যদি আমরা এই বিধান জানার আগে এসব পণ্য কিনে থাকি, তবে এখন আমাদের করণীয় কী?

শায়খ সুলাইমান আর-রুহাইলি (হাফিযাহুল্লাহ):
নকল পণ্য বিক্রির ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা আবশ্যক।
প্রথম বিষয়: বাণিজ্যিক অধিকার
ইসলামী ফিকহ কাউন্সিলগুলো এই মর্মে ফতোয়া দিয়েছে যে, বাণিজ্যিক অধিকার এবং বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বা মেধাস্বত্ব (Intellectual Property Rights) স্বীকৃত এবং এগুলো প্রকৃত মালিকদের অধিকারভুক্ত। এর মধ্যে ট্রেডমার্ক, বাণিজ্যিক নাম এবং এ জাতীয় অন্যান্য অধিকার অন্তর্ভুক্ত রয়েছে।
অতএব, কোনো পণ্যে যদি এমন কোনো ট্রেডমার্ক থাকে যা সুরক্ষিত এবং এর মালিক বা কোম্পানির নামে নিবন্ধিত, তবে স্বত্বাধিকারীর (যিনি এসব অধিকারের মালিক) অনুমতি ছাড়া তা নকল করা জায়েয নয়।
ইসলামী শরিয়ত অনুযায়ী স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া এটি নকল করা অবৈধ। বর্তমান যুগের বাণিজ্যিক আইনেও এটিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, যা ইসলামী শরিয়তের সাথে সাংঘর্ষিক নয়।

দ্বিতীয় বিষয়: দেশের আইন ও নিয়মকানুন বিবেচনা করা
ধরে নেওয়া যাক, কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা পণ্যের মালিক অন্য কাউকে এটি নকল করতে নিষেধ করেননি এবং পণ্যটি আইনগতভাবে সুরক্ষিতও নয়। কিন্তু আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশের আইন নকল করাকে নিষিদ্ধ করে এবং একে অপরাধ হিসেবে গণ্য করে, আর সে দেশের সাধারণ নিয়মকানুনও এ ধরনের কাজ নিষিদ্ধ করে।
এ ক্ষেত্রেও তা করা জায়েয নয়।
কারণ, স্পষ্ট ও প্রামাণ্য দলিলের মাধ্যমে এটি সুপ্রতিষ্ঠিত যে, এমন সব বিষয়ে মুসলিম শাসকের আনুগত্য করা ওয়াজিব (আবশ্যক) যা আল্লাহ তাআলার অবাধ্যতার অন্তর্ভুক্ত নয়।
যখন বিষয়টি জনকল্যাণ বা জনস্বার্থের সাথে জড়িত হয়, তখন এই আনুগত্যের গুরুত্ব আরও বেড়ে যায় এবং তা আরও বেশি আবশ্যক হয়ে দাঁড়ায়।
অবশ্য এর অর্থ এই নয় যে, জনস্বার্থের সাথে সরাসরি জড়িত নয় এমন বিষয়ে আনুগত্য করা ওয়াজিব নয়। বরং, মুসলিম শাসক আল্লাহর নাফরমানি বা অবাধ্যতার আদেশ না দেওয়া পর্যন্ত তাঁর আনুগত্য করা সর্বাবস্থায় ওয়াজিব।
তা সত্ত্বেও, যখন কোনো বিষয় জনস্বার্থ এবং জনগণ ও দেশের কল্যাণে নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত হয়, তখন আল্লাহর অবাধ্যতা না ঘটার শর্তে সেই আনুগত্য আরও বেশি বাধ্যতামূলক হয়ে ওঠে।

তৃতীয় বিষয়: মানুষের সাথে প্রতারণা করা
ধরে নেওয়া যাক, কোনো পণ্যের সাথে সুরক্ষিত কোনো স্বত্ব বা অধিকার জড়িত না থাকায় তা নকল করা মূলত জায়েয।
সে ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে, এই নকল করার প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতারণা বা ধোঁকাবাজি জড়িত আছে কি না। যদি থাকে, তবে তা হারাম।

[নবী করীম ﷺ বলেছেন:] "যে ব্যক্তি প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।"

উদাহরণস্বরূপ: কেউ এমন একটি পণ্য তৈরি করাল যা দেখতে একদম আসলের মতো এবং সেটির দাম আসল পণ্যের মূল দামের অর্ধেক নির্ধারণ করল।
আসল পণ্যটির দাম হয়তো ১০০ রিয়াল। তখন সে চীনে গিয়ে মাত্র ৩ রিয়ালে সেটির একটি নকল কপি তৈরি করে নিয়ে এল। এরপর তা মানুষের কাছে এনে ৫০ রিয়ালে বিক্রি করে বলল, "আমাদের এখানে বিশেষ ছাড় চলছে!"
এটি নিষিদ্ধ, অবৈধ এবং গোনাহর কাজ।

তবে যদি পণ্যটি এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত হয়, তবে তা জায়েয।
অন্য কথায়, যদি পণ্যটি আমাদের উল্লিখিত সমস্ত বিষয় থেকে মুক্ত থাকে যেমন: আসল মালিক পণ্যটিকে সুরক্ষিত রাখেননি, দেশের আইন এটি নকল করতে নিষেধ করে না, এবং ক্রেতারাও পরিষ্কার জানে যে পণ্যটি আসল নয় বরং একটি রেপ্লিকা বা নকল।
তবে এই শর্ত সাপেক্ষে তা বিক্রি করা জায়েয।

আর প্রশ্ন হলো: বিধান জানার আগে যে জিনিসগুলো আমরা কিনে ফেলেছি, সেগুলোর ক্ষেত্রে আমাদের করণীয় কী?
উত্তর: সেগুলো ব্যবহার করে আনন্দ নিন। সেগুলো আপনাদের জন্য হালাল এবং তা ব্যবহার করতে আপনাদের কোনো বাধা নেই।

সূত্র: Madrasatuna || مدرستنا
 
Similar content Most view View more
Back
Top