দ্বীনদার জীবনসঙ্গী নির্বাচন, ইস্তিখারা, অভিভাবকের পরামর্শ ও ইসলামী নীতিমালা সম্পর্কে সাধারন পরামর্শ

শুধু ভালোবাসা নয়, বরং একটি আমানত
বর্তমান সময়ে অনেক মানুষ বিয়েকে শুধু অনুভূতি, আবেগ বা ব্যক্তিগত চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে।

কিন্তু ইসলাম বিয়েকে এতটা হালকাভাবে দেখে না। বিয়ে শুধু দু’জন মানুষের সম্পর্ক নয়; এটি দ্বীন, চরিত্র, পরিবার, ভবিষ্যৎ সন্তান এবং পুরো জীবনের উপর প্রভাব ফেলে।

একজন নেককার মানুষের জন্য কখনো কখনো বিয়ে ওয়াজিব হয়ে যায়—যখন সে আশঙ্কা করে যে হারামে জড়িয়ে পড়তে পারে।

আবার কিছু মানুষের জন্য ধৈর্যধারণ ও নিজেকে সংশোধন করাই বেশি জরুরি হয়ে দাঁড়ায়। কারণ শুধু “বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে”—এমন ধারণা সবসময় বাস্তব নয়।

অনেক সময় মানুষ দ্বীনের লেবাস পরে, কিন্তু তার চরিত্র, দায়িত্ববোধ বা মানসিকতা ইসলামী হয় না। তখন বিয়ে ইবাদত না হয়ে এক ধরনের কষ্ট, অবিচার ও মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।

তাই শুধু বাহ্যিক ধার্মিকতা দেখে সিদ্ধান্ত নেওয়া নিরাপদ নয়। দ্বীন, আখলাক, আমানতদারিতা, রাগের স্বভাব এবং পরিবারকে সম্মান করার মানসিকতা—সবকিছু যাচাই করা জরুরি।

বিয়ের ক্ষেত্রে শুধু নিজের পছন্দকে বড় করে দেখাও অনেক সময় বিপদের কারণ হয়। কারণ মানুষ আবেগ দিয়ে দেখে, কিন্তু আল্লাহ ভবিষ্যৎ দেখেন।
রাসূল ﷺ বলেছেন:যখন তোমাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দ্বীন চরিত্র তোমাদের সন্তুষ্ট হয় তবে তার সঙ্গে বিবাহ সম্পন্ন করো।

তুমি যাকে নিজের শান্তি ভাবছো, অনেক সময় তার মাঝেই লুকিয়ে থাকতে পারে দুঃখ, অশ্রু ও ঈমানের ক্ষতি।
আবার যে বিষয়টাকে আজ অপছন্দ মনে হচ্ছে, আল্লাহ তাতেই রেখে দিতে পারেন তোমার জন্য কল্যাণ।

আল্লাহ বলেন:

“তোমরা কোনো কিছু অপছন্দ করতে পারো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর কোনো কিছু পছন্দ করতে পারো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না।”

তাই বিয়ের মতো বড় সিদ্ধান্তে নিজের আবেগের উপর অন্ধ ভরসা না করে আল্লাহর সাহায্য নেওয়া উচিত।

ইস্তিখারা করা উচিত।
রাসূল ﷺবলেন নারীকে ৪ টি বিষয়ে বিয়ে করো..
দ্বীনদারি প্রাধান্য দাও।

পরিবারের সঙ্গে পরামর্শ করা উচিত। কারণ একজন অভিভাবক বা পরিবারের অভিজ্ঞ মানুষ অনেক সময় এমন কিছু বুঝতে পারেন, যা আবেগে অন্ধ মানুষটি নিজে বুঝতে পারে না।

এটি বাড়াবাড়ি নয় যে বিয়ের আগে যাচাই-বাছাই করা হবে। বরং ইসলাম আমাদেরকে সতর্ক হতে শিখিয়েছে।

কারো দ্বীন কেমন, পরিবার কেমন, ব্যবহার কেমন, রাগের সময় কেমন—এসব জানা গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের পর শুধু একজন মানুষকে নয়, তার বাস্তবতাকেও গ্রহণ করতে হয়।

আর যদি কোনো বিষয়ে বারবার অন্তর অস্থির হয়ে যায়, যদি ভালো-মন্দ বুঝতে কষ্ট হয়, তাহলে সবচেয়ে নিরাপদ হলো বিষয়টিকে আল্লাহর পরিকল্পনার উপর ছেড়ে দেওয়া।

কারণ আল্লাহ তাঁর বান্দার জন্য যা নির্ধারণ করেন, তাতেই শেষ পর্যন্ত কল্যাণ থাকে।

সব সম্পর্ক ধরে রাখা সফলতা নয়। কোথাও কোথাও নিজের দ্বীন, চরিত্র ও মানসিক শান্তি রক্ষার জন্য আল্লাহর হুকুমে দূরে সরে আসাও ইবাদত হয়ে যায়। ❤️

তাই বিয়েকে শুধু “জীবনের লক্ষ্য” বানিও না। বরং এমন একজন হও, যার জীবন আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত।

কারণ নেককার মানুষ পেলে বিয়ে সৌন্দর্য, আর ভুল মানুষ পেলে পুরো জীবনটাই পরীক্ষায় পরিণত হতে পারে। 🥲


সূত্র​

আল-কুরআন: সূরা আল-বাকারা, ২:২১৬
সহীহ আল-বুখারী, ৫০৯০
সহীহ মুসলিম, ১৪৬৬
জামে আত-তিরমিযী, ১০৮৪
 
Back
Top